কুমিল্লা-১১ বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে পৌনে ১২ কোটি টাকার বকেয়া ও মামলা লুকানোর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ১১:০৯ অপরাহ্ণ

ছবি সংগ্রহীত

কুমিল্লা: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, গ্যাস মিটারে কারসাজি এবং চলমান একাধিক মামলার তথ্য গোপনের অভিযোগ উঠেছে। দাখিলকৃত হলফনামায় বলা হয়েছে, তার বিরুদ্ধে বাখরাবাদ গ্যাসের মিটারে অবৈধ হস্তক্ষেপের কারণে মোট পাওনা ১১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি।
শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন অভিযোগটি করেন। তিনি বলেন, কামরুল হুদার যৌথ মালিকানাধীন মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডে একাধিকবার মিটার টেম্পারিং করা হয়েছে। এর ফলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে ১১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ১০ টাকা বকেয়া হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, কামরুল হুদা মনোনয়নপত্রে চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৯ (তারিখ ০৭/০২/২০১৮), জিআর নং-৪৩/১৮ এবং স্পেশাল ট্রাইবুনাল মামলা নং-৫০/২০২০ সংক্রান্ত তথ্য প্রকাশ করেননি। এছাড়া তার যৌথ মালিকানাধীন বাংলা গ্যাস, স্বজন সিএনজি, সাবুরিয়া সিএনজির বিরুদ্ধেও রাষ্ট্রীয় গ্যাস আত্মসাতের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।
বিস্তারিত সূত্রে জানা গেছে, মিটার টেম্পারিংয়ের প্রথম ঘটনা ধরা পড়ে ২০০৯ সালে, যার পরিমাণ ৯৫ লাখ ১২ হাজার ৭৪৬ টাকা। দ্বিতীয় দফায় ২০১০ সালে ৭৬ লাখ ৭১ হাজার ৭২৩ টাকা বকেয়া ধরা পড়ে, যা পরিশোধ করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ দফায় ২০১৬ সালে মিটার পরিবর্তনের সময় অবৈধ হস্তক্ষেপ ধরা পড়ে এবং এ কারণে যথাক্রমে ৫ কোটি ৪০ লাখ ৪২ হাজার ২১৯ টাকা ও ৫ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। সব মিলিয়ে সরকারি পাওনা দাঁড়ায় ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এ বিষয়ে বিইআরসি মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে ২০১৮ সালে আবেদন খারিজ করে, তবে মামলার আপিল এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
অভিযোগকারী মনির হোসেন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত পরিপত্র অনুযায়ী সরকারি বকেয়া বিল ও চলমান মামলার তথ্য হলফনামায় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রার্থী তা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন