কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মাদকের লেনদেনে বিরোধে সংঘটিত আলোচিত সৈয়দ মিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকার বাসিন্দা আব্দুল নূরের ছেলে মো. আরাফাত (২২) এবং পালংখালী ঘোনারপাড়া এলাকার বাসিন্দা ভটভটি মনুর ছেলে মো. ইসমাইল (২৯)।
সোমবার (৫ জানুয়ারি) রাতে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক দুটি অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, নিশান নামের এক ব্যক্তির সঙ্গে নিহত সৈয়দ মিয়ার ইয়াবা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে নিশান, আরাফাত, তারেক ও ইসমাইলসহ আরও দুই-একজন মিলে গত ০৫/১২/২০২৫ তারিখে সৈয়দ মিয়াকে একটি নোহা গাড়িতে করে কক্সবাজার সদর থেকে পালংখালীর নিশানের বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে শ্বাসরোধের মাধ্যমে তাকে হত্যা করা হয়।
তারা আরও জানায়, হত্যার পর রাতের আঁধারে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল পালংখালী জোবায়েরের জমির পাশের বাঁশঝাড়ে গর্ত করে মরদেহটি মাটি চাপা দেয় তারা।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশের অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আবির হোসেন সান । কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৩:৫৬ অপরাহ্ণ