কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মজদার। গভীর রাতে তিনি থানার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও জনবসতিপূর্ণ স্থানে ঘুরে ঘুরে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ ও খোলা আকাশের নিচে বসবাসকারীরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় মানবিক উদ্যোগ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ওসি এ টি এম শিফাতুল মজদার। এ সময় পুলিশের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে পুলিশের এমন মানবিক উদ্যোগ তাদের মনে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে। অনেকেই বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়—মানবিক দায়িত্ব পালনের মধ্য দিয়েও জনগণের পাশে দাঁড়ানো সম্ভব, যা নতুন ওসির এই উদ্যোগে আবারও প্রমাণিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে ওসি এ টি এম শিফাতুল মজদার বলেন, “পুলিশ জনগণের বন্ধু। শীতার্ত মানুষদের সামান্য সহায়তা দিতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন ওসির এই উদ্যোগ এলাকায় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার |
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ