কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে দোকানগুলোতে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন, মজুত পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম যাচাই করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, “সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তারেকুল ইসলাম পিয়াস। কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ