ঋণখেলাপি মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে থাকতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৮ অপরাহ্ণ

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবেই বহাল থাকছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করলে আদালত তার পক্ষে একটি আদেশ দেন। তবে সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হলে চেম্বার আদালত তা স্থগিত করেন।

আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ঋণখেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন