সংবিধান স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ : এস এম জিলানী

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৬:২৫ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে—রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।
তিনি বলেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাদের শাসক নির্বাচন করে। তাই সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার গণেশ পাগলের আশ্রমে আয়োজিত বার্ষিক মহোৎসব ও মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “আপনারা যদি ভোটকেন্দ্রে না যান, তাহলে অন্য কেউ আপনাদের ভোট ছিনতাই করে নেবে। আর যারা ভোট ছিনতাই করে নির্বাচিত হয়, তারা কখনো জনগণের পক্ষে কথা বলতে পারে না। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিন।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, সরকারি কোটালীপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ ও গণেশ পাগলের ভক্ত প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, প্রতি বছরের ন্যায় এ বছরও গণেশ পাগল আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী বার্ষিক মহোৎসব ও মেলা শুরু হয়েছে। এতে গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ পাগল-ভক্ত অংশগ্রহণ করেন।
মহোৎসবে আগত ভক্তরা ঢাক-ঢোল ও কাঁসি বাজিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন এবং পাগলের প্রসাদ গ্রহণ করেন।
এ বিষয়ে প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, “প্রতি বছর ২১ ও ২২ পৌষ দুই দিনব্যাপী এ আশ্রমে বাৎসরিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন