সেন্টমার্টিনে গভীর সমুদ্রের ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায়

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার |
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ১১:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ। বুধবার সকালে সেন্টমার্টিন দ্বীপের মৌলভীর শীল এলাকায় এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়ে।

বাংলাদেশে মাছটি লাল কোরাল বা ভেটকি নামে পরিচিত। চট্টগ্রামের স্থানীয়রা একে লাল পানসা, রাঙা ছইক্কা কিংবা রাঙাচই নামেও চেনে। মাছটির বৈজ্ঞানিক নাম লেটস ক্যালকারিফার, এবং স্থানীয়দের ভাষ্যমতে প্রতিটি মাছের ওজন দুই থেকে চার কেজির বেশি।
মাছগুলো ধরা পড়ে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায়। সূত্র জানায়, একদিন আগে নৌকাটি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া মৎস্য ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকার মাঝি আবুল কালামের নেতৃত্বে নয়জন মাঝিমাল্লা নৌকায় ছিলেন। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে নোঙর করে জাল ফেলা হয়।

পরদিন সকালে জাল তুলতেই বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে।
বিকেল পাঁচটার দিকে মাছভর্তি নৌকাটি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া মৎস্য ঘাটে ফিরে আসে। নৌকার মালিক মোহাম্মদ জাকারিয়া জানান, ধরা পড়া ৬৮৭টি মাছের মধ্যে ১০টি সংরক্ষণ করে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করা হয়। প্রথমে মণপ্রতি ২৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে দর–কষাকষির মাধ্যমে মণপ্রতি ২৩ হাজার টাকায় মোট ১০ লাখ টাকায় মাছ বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম জানান, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া মৎস্য ঘাটে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে কক্সবাজার ও চট্টগ্রামের বাজারে পাঠানো হবে। তিনি বলেন, লাল কোরাল বা ভেটকি মাছ সুস্বাদু হওয়ায় দেশব্যাপী এর চাহিদা খুব বেশি। গভীর সমুদ্রের মাছ হওয়ায় এটি সব সময় বাজারে পাওয়া যায় না, তাই দাম তুলনামূলকভাবে বেশি।
শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, সেন্টমার্টিন চ্যানেলে এক জালে এত বড় পরিমাণ লাল কোরাল ধরা পড়া বিরল ঘটনা। দীর্ঘদিন ধরে সাগরে ভালো মাছ না পাওয়ায় জেলেরা হতাশ ছিলেন। তবে এবার আবারো ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরা ও সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, কোরাল বা ভেটকি মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর চাহিদা দেশব্যাপী বেশি। এটি সাধারণত এক থেকে নয় কেজি পর্যন্ত হয় এবং গভীর সমুদ্রে পাওয়া যায়। সরকারের প্রজনন মৌসুমসহ বিভিন্ন নিষেধাজ্ঞা মানার কারণে বর্তমানে বড় আকারের কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন