ওসি’র সঙ্গে আ’লীগ নেতাদের গোপন বৈঠক-তদন্তে জেলা পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ’র বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মধ্যরাতে গোপন বৈঠকের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন সুমাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর ব্যক্তিগত বাসভবনে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে গোপন বৈঠকে অংশ নেন। রাজনৈতিক অঙ্গনে নিষ্পত্তির বাইরে প্রশাসনের এই উপস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে অভিযুক্ত পক্ষ ভিন্ন দাবি তুলেছে। আমজাদ হোসেন তাজুর পরিবারের সদস্য ও পুলিশের এক কর্মকর্তা জানান, এটি কোনো বৈঠক নয়; বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল। কিন্তু মধ্যরাতে একজন দায়িত্বপ্রাপ্ত থানার ওসির রাজনৈতিক নেতার বাসায় উপস্থিতি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সচেতন মহল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে জেলা পুলিশ তদন্তের সিদ্ধান্ত নেয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা, উপস্থিতির উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

শেখ রনদ সিমান্ত
লালমনিরহাট প্রতিনিধি

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন