পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও কঠোর নিরাপত্তার দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ২:৪৭ অপরাহ্ণ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (১১জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

​পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
পাবনা -৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা -৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা -৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী, ব্যবসায়ী, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।

​সভায় প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো নির্বাচনী নিরাপত্তা। বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি তোলেন।

​নেতৃবৃন্দ আরো বলেন, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
​
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন