কুড়িগ্রামে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগের একটি যৌথ দল অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদসংলগ্ন একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কয়েকজন মিলে সেটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে ময়ূরটি আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।

খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন