গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণভোটে অংশগ্রহণ এবং ভোট প্রদান সম্পূর্ণভাবে জনগণের সিদ্ধান্ত ও দায়িত্বের বিষয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে সেটি অনুমোদিত হবে। আর জনগণ ‘না’ ভোট দিলে গণভোট বাতিল বলে গণ্য হবে। এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা করে প্রচারণা চালানোর বিষয় নেই।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ইতিবাচক অর্জনে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে দেশের উত্তরণ বিএনপির হাত ধরেই হয়েছে বলে তিনি দাবি করেন।
আন্তর্জাতিক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে দলটি ভয় পায় না এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় অবস্থানে থাকবে।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৪:৪০ অপরাহ্ণ