আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর–৪ (কমলনগর–রামগতি) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব তার নির্বাচনী প্রাথমিক সংক্ষিপ্ত ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে তিনি দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। ঘোষিত ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো
সরকারি ফ্যামিলি কার্ড, জেলে কার্ড, হেলথ কার্ডসহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা দলীয়করণ ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত হকদারদের মাঝে বণ্টন নিশ্চিত করা হবে।
আমজনতার হয়রানিমুক্ত ও নিরাপদ জীবন নিশ্চিত করতে স্থানীয় ভূমিদস্যু, জলদস্যু, থানার দালাল, ফটকাবাজ, ধান্দাবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের আব্দার ও অভিযোগ সরাসরি শোনার জন্য উভয় উপজেলা অফিসে নিয়মিতভাবে এমপি অথবা তার প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা হবে।
ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ, খাদ্য সহায়তা ও উন্নয়ন প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে সর্বোচ্চ তদারকি করা হবে।
নিরীহ জেলে সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল বিরোধী রাজনৈতিক পক্ষকে হয়রানি ও মিথ্যা মামলা থেকে রক্ষা করার নিশ্চয়তা প্রদান করা হয়।
এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে টেকসই মেঘনা নদীর বাঁধ নির্মাণ ও ভূলুয়া নদী খনন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
ইশতেহার ঘোষণাকালে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব বলেন,আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা করবো।

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৯:০৬ অপরাহ্ণ