দলীয় সিদ্ধান্ত অমান্য, শেরপুর-১ এ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ বহিষ্কার

জান্নাতুল বাকী । শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৬:১২ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
‎বিএনপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
‎জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন