বুড়িচংয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে খুচিয়ে হত্যা, আসামী গ্রেফতার।

তারেকুল ইসলাম। কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৬:২৩ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি দুলাল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ায় নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে স্ত্রী লিজা আক্তারের (৩৪) সঙ্গে দুলাল মিয়ার বাগবিতণ্ডা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন তিনি। একপর্যায়ে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে লিজা আক্তারকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া।
পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।
ঘটনার পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন। নিহতের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে বুড়িচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র‌্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, লিজা আক্তার হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন