বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১০:৪০ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের রাজনীতিতে আলোচিত এক পরিবর্তন ঘটেছে। বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত দলীয় সব পদ থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের রাজনৈতিক সিদ্ধান্তের কথা প্রকাশ করেন রফিকুল বাসেত।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে আত্মসমালোচনা এবং গভীর চিন্তা-ভাবনার পর তিনি বিএনপি ও সংশ্লিষ্ট সব সহযোগী সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রফিকুল বাসেত জানান, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জীবনের পথচলা পরিচালনা করতে চান। তার ভাষায়, ইসলামী জীবনব্যবস্থাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর মাধ্যম। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যাশায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।

নিজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করে রফিকুল বাসেত বলেন, তার কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন বীর মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের বিএনপি নেতার এমন সিদ্ধান্ত গাজীপুর মহানগরের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। এই পরিবর্তনের প্রভাব আগামী দিনে স্থানীয় রাজনৈতিক সমীকরণে কীভাবে প্রতিফলিত হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন