ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। মাইগ্রেনজনিত তীব্র মাথাব্যথা নিয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই বুধবার সকালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ফেরদৌস আরার পৈতৃক বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। তাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতেই দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে ইউএনও ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১১:২১ অপরাহ্ণ