কুড়িগ্রাম-৪ আসনে স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী

মোঃ মাইদুল ইসলাম ।জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ১২:৩২ অপরাহ্ণ

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলের পর তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কেএম ফজলুল মন্ডলের আবেদনের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী ও স্ত্রী উভয়েই পৃথক রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

আপিল শুনানিতে কেএম ফজলুল মন্ডল দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে মোছা. শেফালী বেগম এ দাবি নাকচ করে বলেন, আইনগতভাবে কেএম ফজলুল মন্ডল এখনও তার স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক এখনো আইনিভাবে বহাল রয়েছে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন