কক্সবাজার সীমান্ত এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
মায়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা এবং সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো মোঃ হানিফের বাড়িতে পৃথকভাবে গিয়ে তিনি তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কষ্টের কথা মনোযোগ সহকারে শোনেন।
পরিদর্শনকালে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন,
“সীমান্ত এলাকার নিরীহ মানুষ বিশেষ করে শিশু ও সাধারণ নাগরিকরা আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই পরিবারগুলো যেন একা না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তিনি আহতদের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং ভবিষ্যতেও চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্থানীয়রা জামায়াত আমীরের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এমন দুঃসময়ে রাজনৈতিক ও সামাজিক নেতাদের পাশে পাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় স্বস্তির বিষয়।

কামরুল ইসলাম টেকনাফ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৭:১২ অপরাহ্ণ