মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৭:১৫ অপরাহ্ণ

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চালবোঝাই জাহাজটি বন্দরে ভিড়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।
‎
‎খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটিতে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে।
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙর করে।
‎তিনি বলেন, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়। নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।
‎
‎তিনি জানান, ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস শুরু হবে।
‎
‎খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে পরিবহন করা হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
‎তিনি আরো জানান, জিটুজি চুক্তির আওতায় ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে।
‎
‎এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন