ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খাগর গ্রামে একটি পুকুর থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে মো. তামিম মাতুব্বর (২৫) ও আলী শেখ (৩৬) নামে দুই যুবককে আটক করা হয়। তারা দুই জনই বালু উত্তোলন কাজের সহযোগী ছিলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুই জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
দণ্ডিত সাহেব আলী শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের লতিফ শেখের ছেলে ও মো: তামিম মাতুব্বর একই গ্রামের মো. কাশেম মাতুব্বরের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, খাগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ড্রেজার মেশিন অকেজো ও প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইশতিয়াক ইসলাম।ফরিদপুর সদর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১১:২১ পূর্বাহ্ণ