নেতাকর্মীদের প্রতি শান্তি-সম্প্রীতির বার্তা শামা ওবায়েদের

ইশতিয়াক ইসলাম।ফরিদপুর সদর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৫:২৫ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে হুমকি, চাপ ও একটি হামলার ঘটনার প্রেক্ষাপটে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শামা ওবায়েদ উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন—রাজনীতিতে মতের পার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এই নীতিতে অটল রয়েছে। ইসলামী মূল্যবোধের পরিপন্থী কোনো নীতি বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনোই আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না—এটাই দলের আদর্শিক অবস্থান।
তিনি আরও বলেন, গত প্রায় ১৮ বছর ধরে বিএনপি নানা ধরনের দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হলেও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার থেকে দল কখনো সরে আসেনি। এই বিশ্বাস থেকেই ৫ আগস্ট-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বিএনপি। কারণ দলটি ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপরই আস্থা রাখে।
নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে শামা ওবায়েদ বলেন, তার বাবা কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও মানবিক নেতৃত্ব তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি দল-মত নির্বিশেষে সালথা ও নগরকান্দার মানুষকে নিজের পরিবারের সদস্য হিসেবে দেখতেন। মানুষের বিপদে আগে মানুষকেই গুরুত্ব দিতেন, পরিচয় বা রাজনৈতিক অবস্থান নয়। আজও এলাকার মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগের মুখোমুখি হয়েছে। এই ঐতিহাসিক সময়ে তিনি দলীয় বিভেদ ভুলে সবাইকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিশেষভাবে নগরকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন—শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
সবশেষে শামা ওবায়েদ লেখেন—
আসুন আমরা গড়ে তুলি
ভয়ের রাজনীতি নয়, বিশ্বাসের রাজনীতি।
সহিংসতার রাজনীতি নয়, সহনশীলতার রাজনীতি।
ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের রাজনীতি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন