ছবি: সংগৃহীত
নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপিতে সদ্য যোগদানকারী নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, “তারেক রহমানের আহ্বানে যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।”

নেত্রকোণা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:১০ অপরাহ্ণ