গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত জেন জি প্রজন্মকে কেন্দ্র করে একটি চমকপ্রদ অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের কাছ থেকে পূর্বানুমতি নিয়ে অনুষ্ঠান শুরু হলেও রাজনৈতিক আচরণবিধির বাইরে যাওয়ার অভিযোগ তুলে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি রাজনৈতিক আচরণবিধির পরিপন্থী। এ কারণে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নানান ধরনের আকর্ষণীয় পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে খাবার পরিবেশনের আয়োজন ছিল। তবে প্রশাসনের চাপের মুখে নির্ধারিত সময় পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এতে আয়োজক ছাত্রশিবিরের কর্মীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুঃখ ও হতাশা প্রকাশ করেন।
একপর্যায়ে বাধ্য হয়ে সম্পূর্ণভাবে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা ও প্রস্তুতির পর এমন একটি আয়োজন শেষ করতে না পারায় সাধারণ শিক্ষার্থীসহ অনেকেই মর্মাহত হন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, জেলা প্রশাসকের অনুমোদন থাকা সত্ত্বেও হঠাৎ করে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত রহস্যজনক। তাদের দাবি, কোনো একটি বিশেষ দল বা ব্যক্তির প্রভাব কিংবা প্ররোচনায় প্রশাসন এই সিদ্ধান্ত নিতে পারে।
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—অনুমোদনপ্রাপ্ত একটি শিক্ষার্থী-কেন্দ্রিক অনুষ্ঠান কীভাবে আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে এবং শুরু হওয়ার পর কেন তা বন্ধ করা হলো?
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ