ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচন কমিশন ঘেরাও এবং আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার চেষ্টা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে শাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে তা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।’
ডাকসু ভিপির মতে, ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার একটি মৌলিক অধিকার এবং তা বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৩:৫৩ অপরাহ্ণ