ফরিদপুরে কোটি টাকামূল্যের দুর্লভ কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার,গ্রেপ্তার ১

ইশতিয়াক ইসলাম ফরিদপুর সদর (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৫:২৬ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মূর্তিটি অবৈধভাবে সংরক্ষণ ও পাচারের প্রস্তুতির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
র‌্যাব জানায়,রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল আলফাডাঙ্গার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে মাটির নিচে লুকানো অবস্থায় প্রায় ১২৫ কেজি ওজনের কালো কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর বাজারমূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। র‌্যাবের ধারণা, মূর্তিটি অবৈধভাবে মজুদ রেখে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।
এ ঘটনায় মূর্তিটির মালিকানা ও সংরক্ষণের সঙ্গে জড়িত সন্দেহে ৩৫ বছর বয়সী সাদ্দাম মোল্লাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ধরনের মূল্যবান প্রত্নসম্পদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। সচেতন মহলের আশা, মূর্তিটি যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনা হলে দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন