ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৯:০৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারিতে রাখা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচনের কারিগরি বিষয় ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না।’

তিনি জানান, নির্বাচনের চূড়ান্ত তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচন চলাকালে স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ ছাড়া ভোটসংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন চালু থাকবে।

গণভোট ও সংস্কার বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালাতে কোনো আইনি বাধা নেই। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের মূল দায়িত্বই হলো প্রয়োজনীয় সংস্কারের পক্ষে থাকা।

এ সময় জামায়াতের নেতারা জানান, তারা আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচার চালানো হবে।

বৈঠকে সরকারের পক্ষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা উপস্থিত ছিলেন।

শেষে প্রধান উপদেষ্টা দেশের বৃহত্তর স্বার্থে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন