কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ রফিক ওরফে বার্মায়া রফিক (৩৫)। অভিযানে তার হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক চলাচলের সময় মোঃ রফিককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রফিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ প্রতিনিধি।কামরুল ইসলাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৩:২৩ অপরাহ্ণ