বরিশাল-৫ আসনে মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিল জামায়াত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৫:২৬ অপরাহ্ণ

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও প্রার্থী মুফতি ফয়জুল করিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ১০ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। এর আগে জোটটি ১১ দলীয় ছিল, তবে একটি দল পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৫ আসন থেকে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-৫ আসনে জামায়াতের এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন