গোপালগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে মো. কাবির মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে সেখান থেকেও তার আবেদন নামঞ্জুর করা হয়। পরে মনোনয়ন ফিরে পেতে সর্বশেষ উচ্চ আদালতে রিট আবেদন করেন মো. কাবির মিয়া।
আজ ২০ জানুয়ারি উচ্চ আদালত তার রিট মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ হওয়ার খবরে গোপালগঞ্জ-১ আসনে ভোটারদের মধ্যে নতুন করে নির্বাচনী উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাজুড়ে আবারও নির্বাচনের আমেজ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাসুম হাসান | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ