টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরি: নলডাঙ্গায় যুবদল কর্মী আটক, টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৯:৩৬ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলাকালে নগদ অর্থ চুরির ঘটনায় এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চালসহ বিভিন্ন পণ্য বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। যোহরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির নগদ অর্থ থেকে প্রায় দুই লাখ টাকা চুরি করে নেয় দুর্বৃত্ত।

ঘটনাটি জানাজানি হলে নলডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে নগদ ১ লাখ ৮১ হাজার ৫০ টাকাসহ অভিযুক্ত রুম্মান সরদার (৩৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রুম্মান সরদার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন ভুলুর ছেলে।

এ বিষয়ে রুম্মান সরদারের বাবা মো. লোকমান হোসেন ভুলু বলেন, “আমার ছেলে নেশাগ্রস্ত। ঘটনার কথা শুনে আমি হতবাক। কেউ অপরাধ করলে তার দায় তাকেই নিতে হবে। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ আরও জানায়, তদন্ত শেষে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন