কুড়িগ্রামে আত্মগোপনে ঢাকা যাওয়ার পথে যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম ।জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ১০:১৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া এলাকায় একটি বাস কাউন্টার থেকে আত্মগোপনে ঢাকায় যাওয়ার সময় নুরুল আলম নুরু নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘোষপাড়া এলাকার হক স্পেশাল নামের একটি বাস কাউন্টারে অভিযান চালায়। এ সময় ঢাকা যাওয়ার প্রস্তুতিকালে যুবলীগ নেতা নুরুল আলম নুরুকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আলম নুরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের একজন নেতা। তিনি ওই ইউনিয়নের কাচিচর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। জানা গেছে, নুরু ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব ও চাকরির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আব্দুর রহিম জানান, দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুল আলম নুরুর বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন