সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনা অভিযানে অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

ইফতিয়াজ সুমন (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৪:৪১ অপরাহ্ণ

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনী ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ এবং ৮০টি দেশীয় সাউন্ড বোমা। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সাধারণ জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন