কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এক কৃষক সমাবেশে গণ ভোটের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন,গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোটাধিকার। একটি অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কৃষক সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি ভোটার হিসেবে নিবন্ধন, ভোট প্রদানের নিয়মাবলি এবং ভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সবাই গণ ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং গণ ভোট বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ৭:১৩ পূর্বাহ্ণ