ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বুধবার (আজ) ভোর আনুমানিক ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক জহির মোল্লা ওই এলাকার বাসিন্দা এবং লতিফ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. জহির মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিলেন। তার ভয় ও হুমকির কারণে ভুক্তভোগীরা এতদিন প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।
সেনাবাহিনীর অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, এই অভিযানের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে। এসব তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে একটি দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অনলাইনে ‘বঙ্গ টিভি’ ও ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামে দুটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন, যেগুলোর কোনো সরকারি নিবন্ধন নেই। এছাড়া মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
এ সময় অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্প ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ইশতিয়াক ইসলাম
ফরিদপুর সদর,ফরিদপুর।

ইশতিয়াক ইসলাম।ফরিদপুর সদর (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ৭:১৯ পূর্বাহ্ণ