ছবি: সংগৃহীত
২৩ জানুয়ারি ২০২৬, চকরিয়া (কক্সবাজার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং তৈরির মতো অবৈধ কার্যকলাপে জড়িত সক্রিয় শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীব এবং তার নেতৃত্বাধীন অন্যান্য সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে:
১টি দেশীয় বন্দুক
১৪ রাউন্ড কার্তুজ
২টি দেশীয় ধারালো অস্ত্র
৯টি লিড স্পিন্টার
গান পাওডার
অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি
এছাড়া, শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীব’কে আটক করা হয়। তিনি তার অপরাধের জন্য আলাদা আলাদা ৪টি মামলার আসামি। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ দ্রব্যাদি চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানটি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৩ অপরাহ্ণ