আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে বুধবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর উদ্যোগে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের অধীনস্থ সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ—এই চারটি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।
ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়—সে লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।
এছাড়া বিয়ানীবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চারটি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পাশাপাশি ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চার সপ্তাহব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে নির্বাচনী অপরাধ বা যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী দল, গোষ্ঠী কিংবা অসাধু চক্র যেন সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন, এসইউপি। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বিয়ানীবাজার প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ৯:৪২ অপরাহ্ণ