ঢাকা: রাজধানীর কদমতলীতে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতে ইসলামীর রুকন ও মহিলা শাখার নেত্রী বলে জানা গেছে।
আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং প্রার্থীকে চেনেন না—এমন বিভিন্ন কথা বলতে থাকেন।
তিনি বলেন, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা একটি সরু গলির ভেতর প্রবেশ করলে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীকে তিনি শনাক্ত করতে পারেননি।
আহত অবস্থায় স্থানীয় এক রিকশাচালক তাকে নিকটস্থ এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, জামায়াতে ইসলামীর একজন নারী কর্মী আহত হওয়ার বিষয়টি তারা জেনেছেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।
এদিকে, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাত ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করেন এবং গণসংযোগে বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ