শব্দদূষণ নিয়ন্ত্রণে নীলফামারীতে ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৪৮ অপরাহ্ণ

০২ ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নীলফামারী জেলার সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশারফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযানকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২টি যানবাহনের বিরুদ্ধে মোট ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ০৩টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়।
এছাড়াও বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন