শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল (রহ.) কিডনিজনিত রোগে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্ত থাকলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের কারণে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও মাঠপর্যায়ের কাজ যেন ব্যাহত না হয়, সে জন্য তিনি রাতের বেলা সাংগঠনিক কার্যক্রম শেষ করে ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস গ্রহণ করতেন এবং পরদিন সকালে শেরপুরে ফিরে আসতেন।
সর্বশেষ দিনেও তিনি দায়িত্ব পালন শেষে চিকিৎসার জন্য হাসপাতালে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম নুরুজ্জামান বাদল (রহ.)-এর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জান্নাতুল বাকী । শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪৬ পূর্বাহ্ণ