ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমরা মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছি। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।”
ডিবি সূত্র জানায়, রাত ১২টার পর হ্যাকারকে শনাক্ত ও আটক করতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি সাইবার হামলার ফল। হ্যাকের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা বক্তব্য প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে জামায়াত আমিরের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৯ পূর্বাহ্ণ