জামায়াতকে সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫৭ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় এসেছে। এ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় মঞ্চে উঠে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় তিনি নিজের বরাদ্দপ্রাপ্ত ‘ট্রাক’ প্রতীক ত্যাগ করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করার কথা জানান।

জনসভায় বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়েছেন। তিনি ভোটারদের ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার ঘোষিত কর্মসূচির মধ্যে দুর্নীতি দমন, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করণ, এলাকার জনগণের চলাচলের রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করতে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের নিকট দাবী জানান।

নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, গণঅধিকার পরিষদের প্রার্থীর এ সিদ্ধান্তে কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই এ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ছিলেন ছয়জন প্রার্থী।

বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অনেক জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। জুলাই আন্দোলনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন