নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন-এর বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সঙ্গে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।
পরে উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:০৪ অপরাহ্ণ