লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাদিরা ইউনিয়নে মঙ্গলবার গভীর রাতে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী আবু তাহেরের দাবি, পরিকল্পিতভাবে তার পুকুরে বিষ ঢেলে বিপুল পরিমাণ মাছ নিধন করা হয়েছে। পাশাপাশি বাগানের কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে দেওয়া হয়। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর পাগলা গ্রামের কিল্লার বাড়ির আবু তাহেরের সঙ্গে পাশ্ববর্তী দক্ষিণ চর কাদিরা (৬নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা আলা উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
আবু তাহের বলেন,
“প্রতিবেশী আলা উদ্দিন ও তার স্ত্রী ছালেহা বেগম পূর্ব থেকেই বিভিন্নভাবে ক্ষতি করে আসছেন। প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও গালিগালাজ করেন। গত ১ মার্চও আমাকে মারধর করা হয়েছে। এবার গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা ও গাছ কেটে ফেলার মাধ্যমে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযোগের বিষয়ে আলা উদ্দিন ও তার স্ত্রী ছালেহা বেগম সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, জমির সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মাছ মারা বা গাছ কাটার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না।
এ প্রসঙ্গে কমলনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ৭:৩৭ অপরাহ্ণ