বিশ্ব রাজনীতির অস্থির প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার নতুন বার্তা, কিম জং উনের কন্যাকে ঘিরে আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ

বিশ্বজুড়ে চলমান সংঘাত—মধ্যপ্রাচ্য, ইসরাইল, আফগানিস্তান–পাকিস্তান উত্তেজনা, এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ—বিশ্ব শান্তি পরিস্থিতিকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে। এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে উত্তর কোরিয়া।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, দেশটির নেতা কিম জং উন-এর কিশোরী কন্যা একটি সেনাবাহিনীর ট্যাংক চালাচ্ছেন। ছবিতে আরও দেখা যায়, ট্যাংকের ওপর বসে আছেন কিম নিজে, আর তার কন্যা মনোযোগ সহকারে ট্যাংক পরিচালনা করছেন।

বিশ্লেষকদের মতে, এই দৃশ্য কেবল সামরিক মহড়ার অংশ নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিতও হতে পারে। কিমের কন্যা, যিনি কিম জু-এ নামে পরিচিত, তার বয়স আনুমানিক ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে তার পরিচয় বা বয়স সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে তাকে তার বাবার সঙ্গে বিভিন্ন সামরিক কার্যক্রমে দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে তাকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা যায়। এছাড়াও, অন্য একটি ঘটনায় তাকে হ্যান্ডগান ব্যবহার করতেও দেখা গেছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন বৃহস্পতিবার একটি নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেন। ট্যাংকটি ড্রোন ও ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করেছে।

কিমের কন্যার এই সক্রিয় উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, যেখানে বিশ্বজুড়ে যুদ্ধের নেতৃত্বে পুরুষদের আধিপত্য বেশি, সেখানে একজন কিশোরী মেয়ের এমন ভূমিকায় দেখা যাওয়া ভিন্ন বার্তা বহন করছে। কেউ কেউ এটিকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক কৌশল বলেও ব্যাখ্যা করছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন