শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এলাকায় চাঞ্চল্য

রবিউল মোল্লা শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ১২:১৬ অপরাহ্ণ

শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রায় ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।”

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। আরেকজন দূর থেকে ঘটনাটি ভিডিও ধারণ করছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নজরে আসে।

পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনের চিহ্ন রয়েছে এবং এর কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহ্বায়ক কাউসার মৃধা বলেন, “একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে এভাবে অবমাননা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ স্থানে এসে এ ধরনের কাজ করা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দায়িত্ব ছিল স্মৃতিস্তম্ভটির নিরাপত্তা নিশ্চিত করা।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “আমরা ঘটনাটির বিষয়ে অবগত হয়েছি।জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সচেতন মহল মনে করছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন