কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক মহল। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাজারহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে ‘গ্রিন ক্যাফে’ সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা খন্দকার আরিফের পথরোধ করে। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়, তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তার কাছ থেকে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সোহেল আনিছের বক্তব্যে পূর্ব শত্রুতার ইঙ্গিত পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই এই হামলার শিকার হয়েছি। প্রধান আসামি সোহেল আনিছের বাবা দল থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করায় তারা ক্ষুব্ধ ছিল। দ্রুত আসামিদের গ্রেফতার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

মোঃ মাইদুল ইসলাম জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ২:৩২ পূর্বাহ্ণ