কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উলিপুর থানার নেফড়া খারিজা পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার একটি চৌকস দল ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় একই এলাকার মোঃ আক্কাস আলী (৪৮), মোঃ আশরাফুল ইসলাম (৩০), মোঃ ফেরদৌস আলম (৩৬), মোঃ সাইদুল ইসলাম (৩৮), মোঃ আমিনুল ইসলাম (৫৪) ও মোঃ ফয়জার রহমান (৩৮)–কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, জেলায় জুয়া নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

মোঃ মাইদুল ইসলাম জেলা (কুড়িগ্রাম)
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ১১:২২ অপরাহ্ণ