নোয়াখালীতে সুধী সমাবেশ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ১০:৪২ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদুমোড় সংলগ্ন নোয়াখালী মডেল কলেজ প্রাঙ্গণে আজ ২২ এপ্রিল ২০২৬ খ্রি. এক সুধী সমাবেশ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এম মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
বিশেষ করে মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের মতো বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একইসাথে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার (সদর) নোয়াখালী এবং সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন