কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন নতুন বাহারছড়া এলাকায় এক গৃহকর্মীকে টানা ১৬ দিন তালাবদ্ধ ঘরে বন্দী করে রাখার লোমহর্ষক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৃহকর্মীর আর্তচিৎকারে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলেও কক্সবাজার সদর থানার এসআই নুরুল আমিনের বিতর্কিত ও অবহেলাপূর্ণ ভূমিকার কারণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাহারছড়া এলাকার মৃত হারুনুর রশিদের স্ত্রী আফরিন ডলি তার গৃহকর্মীকে ঘরের ভেতর আটকে রেখে সবকটি প্রবেশপথ তালাবদ্ধ করে চট্টগ্রাম চলে যান। গৃহকর্মীর দাবি, তাকে ৬ দিনের কথা বলে আটকে রাখা হলেও ১৬ দিন ধরে তিনি সেখানে বন্দী ছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটের দিকে ক্ষুধার্ত ও অসুস্থ ওই নারী জানালার পাশে এসে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জড়ো হন।
বিপদগ্রস্ত নারী নিজেই ৯৯৯-এ কল করে বাঁচার আকুতি জানান। তবে অভিযোগ উঠেছে, খবর পাওয়ার কয়েক ঘণ্টা পার হলেও কক্সবাজার সদর থানার ৯৯৯ এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে গড়িমসি করেন। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুনরায় যোগাযোগ করলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হন। কিন্তু অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে আসার পর তিনি কোনো কার্যকর আইনি পদক্ষেপ না নিয়ে দীর্ঘক্ষণ সময়ক্ষেপণ করেন। পুলিশের এমন উদাসীনতায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
এক পর্যায়ে চট্টগ্রামে থাকা মালিক আফরিন ডলি তার স্বজনদের চাবি নিয়ে ঘটনাস্থলে পাঠান। এসআই নুরুল আমিনের উপস্থিতিতেই ডলির স্বজনরা দরজা খোলে, কিন্তু রহস্যজনকভাবে কোনো প্রতিবেশী বা সাধারণ মানুষকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। দরজা খোলার পরও ওই গৃহকর্মীকে দীর্ঘক্ষণ উদ্ধার করে বাইরে আনা হয়নি। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় এসআই নুরুল আমিন তাদের অনুকূলে কাজ করেছেন এবং অর্পিত দায়িত্ব পালনে চরম অবহেলা দেখিয়েছেন ও স্থানীয়রা জানিয়েছে ডলি ঘরে ফিরলে তাকে শারীরিক নির্যাতন করতে পারে।
এলাকাবাসীর দাবি, আফরিন ডলি এর আগেও বিভিন্ন সময় তার গৃহকর্মীদের এভাবে আটকে রেখে নির্যাতন ও বন্দী করে রাখতেন। বারবার এমন অমানবিক ঘটনা ঘটলেও সামাজিক ও প্রশাসনিক কঠোর কোনো পদক্ষেপ না থাকায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। একজন নারীকে ১৬ দিন বন্দী রাখার মতো গুরুতর অপরাধে পুলিশের ও সমাজের এমন নমনীয় ও অবহেলিত ভূমিকা নিয়ে এখন পুরো কক্সবাজার জুড়ে বইছে সমালোচনার ঝড়।

নিজস্ব প্রতিবেদক। এমটিভি বাংলা ,কক্সবাজার।
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ