চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধের অভিযোগ, মই বেয়ে চলাচল ১০ পরিবারের

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৮:১৪ অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় প্রভাব খাটিয়ে একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ১০টি পরিবারের সদস্যরা—যাদের মধ্যে বৃদ্ধ ও শিশুরাও রয়েছে—উপায়ান্তর না পেয়ে ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করছেন।
ভুক্তভোগীদের দাবি, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটি ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী নিলু চান খান। এ ঘটনায় ভুক্তভোগী তমা আক্তার গাছা থানা ও সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাস্তা খুলে দেওয়ার দাবিতে সোমবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভুক্তভোগী পরিবার জানায়, কয়েক বছর আগে তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম ৪ শতাংশ জমি সাফ কবলা দলিলে ক্রয় করেন। জমি কেনার সময় উত্তর দিকে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি রাস্তা অন্তর্ভুক্ত ছিল, যা দিয়ে দীর্ঘদিন ধরে তারা চলাচল করে আসছিলেন। তবে সম্প্রতি সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।
তমা আক্তার বলেন, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি সন্তান ও ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করছেন। শুরু থেকেই প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ ছিল। দুই দিন আগে ইটের দেয়াল তুলে পথটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বর্তমানে তারা ঘর থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।
অভিযুক্ত নিলু চান খান অভিযোগ অস্বীকার করে বলেন, জমি কেনার সময় রাস্তাটি উল্লেখ থাকলেও ভুক্তভোগীরা অতিরিক্ত জায়গা দখল করেছেন। তাই তিনি নিজের জায়গা বন্ধ করে দিয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং রাস্তাটি খুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন